শিরোনাম
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মিজানুর রহমানের পুনরায় যোগদান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রায় দুই বছর আগে শিক্ষার্থীদের আন্দোলনের পর তিনি পটুয়াখালী সরকারি কলেজে দায়িত্ব পালন করেন। সম্প্রতি আবারও বিএম কলেজে যোগদান করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, অতীতে তাঁর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, যৌন হয়রানি, শারীরিক হেনস্তা এবং পরীক্ষায় কম নম্বর দেওয়ার ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। এসব ঘটনায় শিক্ষার্থীরা আন্দোলনও করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, “তাঁর পুনরায় যোগদানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাঁর ক্লাসে যেতেও ভয় হচ্ছে।”
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক মিজানুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে। তিনি সরকারি নিয়মে শূন্য পদে বিএম কলেজে যোগদান করেছেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সাধারণ শিক্ষার্থীদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানাবেন।