শিরোনাম
অনলাইন ডেস্ক :: ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। তবে এবারে করোনা সংক্রমণের ক্ষেত্রে নতুন করে হটস্পট হয়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্য। ইতিমধ্যেই মহারাষ্ট্র রাজ্যের দুই জেলা যবতমাল এবং অমরাবতীতে জারি করা হয়েছে লকডাউন।
যবতমাল জেলায় আগামী ১০ দিন কড়া লকডাউন জারি করা হয়েছে। সেক্ষেত্রে আগামী ২৮ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ। বন্ধ থাকবে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান। বিয়েতে সর্বোচ্চ অতিথীর সংখ্যা রাখতে হবে ৫০ জন। পাশাপাশি অমরাবতী জেলাতেও জারি করা হয়েছে লকডাউন। সেখানেও বন্ধ থাকবে বাজার-ঘাট। যদিও জরুরি পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী সোমবার পর্যন্ত এই লকডাইন অমরাবতী জেলায় কার্যকর রাখা হবে। প্রয়োজনে লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানানো হয়। এদিকে মহারাষ্ট্রের আকোলা জেলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র সরকার ওই তিন জেলায় কনটেইনমেন্ট এলাকা ঘোষণা করার নির্দেশ দিয়েছেন জেলা শাসকদের। মুম্বাই শহরেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৯৩ জন। এদিকে মহারাষ্ট্রের বৃহন্মুম্বই পৌরসভা করোনা বিধির ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে। তারা জানিয়ে দিয়েছে, প্রকাশ্যে মাস্ক ছাড়া কেউ ধরা পরলে ২০০ রুপি জরিমানা করা হবে। গণপরিবহন থেকে কর্মক্ষেত্র সর্বত্রই মাস্ক বাধ্যতামূলক। এমনকি লোকাল ট্রেনের যাত্রীরা মাস্ক পরছেন কি না তা দেখার জন্য ৩০০ জন মার্শাল নিয়োগ করা হবে।
কোভিড বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে আচমকা হানা দেওয়া হবে বিয়েবাড়ি, ক্লাব এবং রেস্তোরাগুলিতে। এদিকে ভারতে করোনা নিয়ন্ত্রণে আনতে শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকাকরনের কাজ। তারমধ্যেই ফের করোনা উর্ধমুখী হওয়ায় দুঃশ্চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের মধ্যে।