শিরোনাম
স্টাফ রিপোর্টার :: কোভিড-১৯ পরিস্থিতি অবনতি হতে শুরু করায় গত ৫ এপ্রিল থেকে গণপরিবহন, বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ করে সরকার। গত ১ মাস ১৯ দিন বন্ধের পর সরকারি ঘোষণায় দূরপাল্লার গণপরিবহন ও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আজ (সোমবার ২৪ মে) সকালে রাজবাড়ী থেকে ঢাকাসহ বিভিন্ন জেলাতে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। বাসে ২ সিটে একজন করে চলাচল করা হচ্ছে।
একই সাথে দৌলতদিয়ার লঞ্চঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে গেছে। এতে গন্তব্যে পৌছাতে যাত্রীদের ভোগান্তি কমেছে, কমেছে বাড়তি খরচ ও সময়। স্বস্তিতে গন্তব্যে যেতে পেরে আনন্দিত তারা।
তবে লঞ্চ চলাচলে যাত্রীদের যাতায়াত বেশি থাকায় স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি কাউকে। সকাল পৌনে আটটা থেকে লঞ্চ চলাচল আরম্ভ হওয়ায় ফেরি ঘাটে সাধারণ যাত্রীদের ভিড় কিছুটা কমেছে। স্বাভাবিকভাবে লঞ্চে যাত্রীরা পারাপার হচ্ছেন। ফেরিগুলোতে দূরপাল্লার বাস পারাপার করা হচ্ছে স্বাভাবিকভাবে।
যাত্রীরা জানান, দীর্ঘদিন দূরপাল্লার বাস ও লঞ্চ বন্ধ থাকায় তারা ঢাকায় যেতে নানা ধরনের দুর্ভোগে পড়েছে। অতিরিক্ত অর্থ খরচ, সময় অপচয় ও বারবার যানবাহন বদল করতে তাদের ভোগান্তি ছিল চরমে। আজ (সোমবার ২৪ মে থেকে লঞ্চ ও বাস চালু করায় তারা ভোগান্তি ছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে পারছেন। খরচও অনেক কমেছে রাস্তায়।
লঞ্চ ঘাট সুপারভাইজার নুরুল আলম মিলন জানান, সকাল পৌনে আটটা থেকে দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করা হচ্ছে। অতিরিক্ত যাত্রীবহন করা হচ্ছে না লঞ্চগুলোতে। এ নৌরুটে আজ ১৮টি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।