শিরোনাম
অনলাইন প্রতিনিধি :: গাজীপুর মহানগরের কোনাবাড়ী ও বাঙ্গালগাছ এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোনবাড়ি থানা এলাকায় এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জামাল উদ্দিন (৪৩), মো. আসাদুজ্জামান ওরফে এরশাদ (৩০), মো. সাব্বির আহম্মেদ পলাশ (৩৫), মো. আতিকুল ইসলাম অপু (৪০) ও আব্দুর রহমান (৩৮)।
গাজীপুর সদর থানার বাঙ্গালগাছ এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আলী হোসেন (২৫), আক্তার হোসেন (২৪), ইমন (২২), আকরাম মিয়া (২৫) এবং সুজন (২৬)।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে কোনাবাড়ি থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোনাবাড়ী ট্রাক স্ট্যান্ডের সামনে (ফ্লাইওভারের নিচে) অভিযান চালানো হয়। এ সময় ওই পাঁজনকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে একটি পিকআপ, রড, চাপাতি, দা, রশি ও লোহার পাইপ উদ্ধার করা হয়।
প্রায়ই এসব ডাকাতরা মহাসড়কের বিভিন্ন পণ্যবাহী ও গরুর ট্রাকগুলোকে তাদের গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে ডাকাতি করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
অপরদিকে গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টার দিকে মহানগরীর শিববাড়ি এলাকা থেকে যাত্রীবেশে পাঁচ ডাকাত শিববাড়ি মোড় থেকে বাঙ্গালগাছ যাওয়ার কথা বলে স্থানীয় অটোচালক মিলন মিয়ার (২৬) ব্যাটারিচালিত অটো ভাড়া নেয়। পরে তারা বাঙ্গালগাছ ব্রিজের কাছে পৌঁছালে চালকের বুক ও গালসহ শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করে তাকে ব্রিজের ওপর ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যেতে থাকে।
এ সময় টহল পুলিশ খবর পেয়ে তাদের ধাওয়া করে এবং অটোসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। আহত চালককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।