শিরোনাম
খবর বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সম্মেলন গতকাল শনিবার বরিশাল নগরীর সদর রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ.ব.ম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শেখ আবদুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সম্মেলনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করার আহবান জানান। গতকালের সম্মেলনে বার্ষিক রিপোর্ট ও শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। সম্মেলন শেষে ২০২৩-২০২৫ সেশনের জন্য ৮৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ একে আজাদ ফারুক সভাপতি এবং মোঃ মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত হয়েছেন।