শিরোনাম
প্রতিনিধি, বাউফল, পটুয়াখালী ::ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা কলেজ সড়ক এলাকায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যানপ্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাসের নৌকার সমর্থক এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতর্ত প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদারের ঘোড়া প্রতীকের সমর্থকের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
ওই সময় মো. সজীব (২০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সজীব ওই ইউনিয়নের নিজবটকাজল গ্রামের বাসিন্দা নাসির প্যাদার ছেলে। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহজাদা হাওলাদারের কর্মী।
আহত সজিবকে আজ শনিবার রাত সাড়ে দশটার দিকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা মো. তাসিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর (সজিব) অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের আগে বলা যাবে না ওটা কি? এ কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর ঘাঁড়ের বাঁ দিক দিয়ে ফরেন জাতীয় কিছু একটা ঢুকেছে সেটা নিশ্চিত।’
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,নওমালা ৬ নম্বর ওয়ার্ডটিতে (আবদুর রশিদ খান ডিগ্রী কলেজ এলাকা) ঘোড়া প্রতীকের সমর্থকদের আধিপত্য বেশি। আজ রাতে ওই নৌকার সমর্থকেরা আধিপত্য বিস্তার করতে ওই এলাকায় ঢুকে পড়েন। রাত সাড়ে নয়টার দিকে সাহা গাজীর বাড়ির সামনে পৌঁছালে ঘোড়া ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
আহত সজিব বলেন,‘সংঘর্ষের একপর্যায়ে পুলিশের উপস্তিতিতেই নৌকার সমর্থক শাহাবুদ্দিন আকন (৪৬) গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হন।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন,‘গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।’
শাহজাদা হাওলাদার বলেন,‘জনসমর্থন নাই বলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে নৌকার প্রার্থী ও তাঁর সমর্থকেরা। তাঁরা অবৈধ অস্ত্র ও কালো টাকার মাধ্যমে ভোট ডাকাতি করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে। পুলিশের উপস্থিতিতে আমার কর্মী-সমর্থকদের ওপর গুলি করে আহত করা হয়েছে। এর পরিমান ভালো হবে না।’
শাহাবুদ্দিন আকন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,‘আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি আমার বাসায় অবস্থান করেছিলাম।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘গুলি ছোড়ার বিষয়টি সত্য না। তবে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে। যা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’