শিরোনাম
মোবাইলের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) পরিবর্তন করার ৯টি ডিভাইসসহ সংঘবদ্ধ চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এ সময় তাদের থেকে চোরাই ও আইএমইআই পরিবর্তন করা ২৬৫টি মোবাইল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সিআইডি ঢাকা মেট্টো পূর্বের একটি টিম তাদের গ্রেফতার করে। তারা চোরাই মোবাইল কিনে বিভিন্ন ডিভাইস ও সফটওয়্যারের মাধ্যমে আইএমইআই পরিবর্তন করে মার্কেটে বিক্রি করে আসছিলো।
গ্রেফতাররা হলো- লাভলু হাসান (২০), মো. তামিম (২০), মুরাদ খান (২৩), আল আমিন ওরফে অনিক (২২), বশির আলম শুভ (৩০) আব্দুল মালেক (৩২), শাহ আলম (৩৬), স্বপন (৩৪), জাহাঙ্গীর আলম (২৬), ইমাম হাসান (২২), মো. আরিফ (৩৪) ও আল আমিন (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার মুরাদ খান ও লাভলু হাসান রাজধানীর বিভিন্ন চোরদের কাছ থেকে চোরাই মোবাইল কিনে তার লক খোলা এবং মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করার জন্য অনিক, বশির ও মীম টেলিকমের মালিক আব্দুল মালেকের কাছে দিতেন। পরে তারা ডিভাইস ব্যবহার করে আইএমইআই পরিবর্তন করতেন। এরপর কম মূল্যে মোবাইলগুলো বিক্রি করতো।