শিরোনাম
মহীয়সী নারী মাদার তেরেসার জন্ম:২৬ আগস্ট
১৯১০ ও মৃত্যু:৫ সেপ্টেম্বর ১৯৯৭, আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে সারাবিশ্বের মানুষের হৃদয়ে আজো অমর হয়ে আছেন।
আলবেনিয়ান বংশোদ্ভুত মাদার তেরেসা রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত বিশ্বখ্যাত সমাজসেবিকা ছিলেন।
১৯৫০ সালে কলকাতায় তিনি ‘মিশনারিজ অফ চ্যারিটি’ নামে একটি সেবাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন।
১৯৭৯ সালের ১৭ অক্টোবর তিনি তার সেবাকার্যের জন্য নোবেল শান্তি পুরস্কার ও ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ লাভ করেন।
ডাক নাম গোস্কসা। গোস্কসা মূলত একটি তুর্কি শব্দ, যার অর্থ ‘কুসুমকলি’। ব্যাপ্টিশ্মের সময় তার নাম রাখা হয় অ্যাগনেস গঞ্জে বয়াজিউ।
তিনি ছিলেন নিকোলো ও দ্রানা বয়াজুর কনিষ্ঠ সন্তান। তাদের আদি নিবাস ছিল আলবেনিয়ার শকড্যর অঞ্চলে।
বয়স যখন সাড়ে পাঁচ বছর, তখন ধর্মীয় দীক্ষা গ্রহণ করেন তিনি। শৈশব থেকেই ধর্মীয় নিয়মকানুন আর রীতিনীতিগুলো আত্মস্থ করেন তিনি।
তার বাবা ছিলেন একজন রাজনীতিবিদ। মাত্র আট বছর বয়সে পিতৃহারা হন মাদার তেরেসা। সে সময় পরিবারটিকে মুখোমুখি হতে হয় আর্থিক দুর্দশার।
এমন পরিস্থিতিতেও মা দ্রেনি সন্তানদের বড় করেন সুন্দরতম নিয়ম, নিষ্ঠা আর ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে।
জোয়ান গ্র্যাফ ক্লুকাস রচিত জীবনী থেকে জানা যায়, ছোট্টো অ্যাগনেস মিশনারিদের জীবন ও কাজকর্মের গল্প শুনতে বড়ই ভালবাসতেন।
১২ বছর বয়সেই তিনি ধর্মীয় জীবন যাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন মিশনারি হিসেবে যোগ দেন ‘সিস্টার্স অফ লোরেটো’ সংস্থায়। মা আর বোনদের সঙ্গে আর তার কোনোদিন দেখা হয়নি।
অ্যাগনেস প্রথমে আয়ারল্যান্ডের রথফার্নহ্যামে লোরেটো অ্যাবেতে ইংরেজি ভাষা রপ্ত করেন। ১৯২৯ সালে ভারতে এসে দার্জিলিংয়ে নবদীক্ষিত হিসেবে কাজ শুরু করেন।
১৯৩১ সালের ২৪ মে তিনি সন্ন্যাসিনী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন। এই সময় তিনি মিশনারিদের পৃষ্ঠপোষক সন্ত Thérèse de Lisieux –এর নামানুসারে টেরিজা নাম গ্রহণ করেন।
১৯৩৭ সালের ১৪ মে পূর্ব কলকাতায় একটি লোরেটো কনভেন্ট স্কুলে শুরু হলো তার শিক্ষিকা জীবন। পাশাপাশি তিনি একটি হাসপাতালেও কাজ করতেন। এখানেই সর্বপ্রথম দুঃখ ও দারিদ্র্যের সঙ্গে তাকে সংগ্রাম করতে হয়।
৫০’র মন্বন্তরে কলকাতা শহরে নেমে আসে অবর্ণনীয় দুঃখ আর মৃত্যু।১৯৪৬ সালে হিন্দু-মুসলমান দাঙ্গাতেও বহু মানুষ মারা যান। এই সব ঘটনা ও কলকাতার দরিদ্র মানুষদের জীবনযাপন টেরিজার মনে গভীর প্রভাব বিস্তার করে।
১৯৪৮ সালে প্রথাগত লোরেটো অভ্যাস ত্যাগ করে তিনি দরিদ্রের মাঝে মিশনারি কাজ শুরু করেন। পোশাক হিসেবে পরিধান করেন নীল পারের একটি সাধারণ সাদা সুতির বস্ত্র। এ সময়ই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে বস্তি এলাকায় কাজ শুরু করেন।
প্রথমে মতিঝিলে একটি ছোট স্কুল স্থাপনের মাধ্যমে শুরু করেছিলেন। পরবর্তীতে ক্ষুধার্ত ও নিঃস্বদের ডাকে সাড়া দিতে শুরু করেন। তাদের বিভিন্নভাবে সাহায্য করতে থাকেন।
প্রথম দিকের এই দিনগুলো তার জন্য বেশ কষ্টকর ছিল। এ নিয়ে ডায়রিতে তিনি অনেক কিছুই লিখেছেন। সে সময় তার হাতে কোন অর্থ ছিল না। গরীব এবং অনাহারীদের খাবার ও আবাসনের অর্থ জোগাড়ের জন্য তাকে দ্বারে দ্বারে ঘুরতে হতো।
ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হতো। এসব কাজ করতে গিয়ে অনেক সময়ই হতাশা, সন্দেহ ও একাকিত্ব বোধ করেছেন।
১৯৫২ সালে মাদার তেরেসা কলকাতা নগর কর্তৃপক্ষের দেয়া জমিতে মুমূর্ষুদের জন্য প্রথম আশ্রয় ও সেবা কেন্দ্র গড়ে তোলেন।
ভারতীয় কর্মকর্তাদের সহায়তায় একটি পরিত্যক্ত হিন্দু মন্দিরকে ‘কালিঘাট হোম ফর দ্য ডাইং’ এ রূপান্তরিত করেন। এটি ছিল দরিদ্র্যদের জন্য নির্মিত দাতব্য চিকিৎসা কেন্দ্র।