শিরোনাম
জয়পুরহাটে ৫ বছরের নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৪ সন্তানের জনক প্রতিবেশী দাদা মামুনুর রশিদ জুপিটারকে (৪০) আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় শিশুটির দাদি থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত জুপিটারকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলায়। আটক জুপিটার একই গ্রামের তায়েব উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে চেচঁড়া গ্রামে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দাদা মামুনুর রশিদ জুপিটার বাড়ির পার্শ্বের পুকুর পাড়ের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিবস্ত্র অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে বিষয়টি জুপিটার এর স্ত্রী ও তার পরিবারকে জানানো হয়।
দুইদিন ধরে বিষয়টি নিয়ে এলাকাবাসী ও তাদের দুই পরিবারের পক্ষ থেকে মীমাংসার চেষ্টা করলেও কোন সমাধান না হওয়ায় মামুনুর রশিদ জুপিটারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার সন্ধ্যায় থানায় শিশুটির দাদি বাদী হয়ে মামলা করলে রাতেই মামুনুর রশিদ জুপিটারকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আতাউল ইসলাম জানান, প্রায় অনেক বছর ধরে আমি মেম্বার আছি, এ রকম ঘটনা আমি প্রথম দেখলাম। শিশু ও জুপিটার এর পরিবার সম্পর্কে তারা প্রতিবেশী ও আত্মীয়, এজন্য ধর্ষণ চেষ্টা বিষয়টি নিয়ে আমাকে বারবার এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে মীমাংসা করতে বলা হচ্ছিল। আমি মীমাংসা করতে পারব না বলে আইনের আশ্রয় গ্রহণ করতে বলেছি।
পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আসামিকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।