শিরোনাম
নিজস্ব প্রতিবেদক, ভোলা:: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের উপস্থিতিতে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসক ড. শামীম রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সাংবাদিকদের সূত্রে জানা গেছে। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সরকারি সফরসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. শামীম রহমান। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ মোহাম্মদ কাউসার ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর। এ ছাড়া জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সভা চলাকালে সম্মেলন কক্ষে থাকা সাংবাদিকদের বাইরে চলে যেতে বলা হয়। পরে সাংবাদিকরা সভাকক্ষ ত্যাগ করেন।
তবে কী কারণে সাংবাদিকদের সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বলা হয়েছিল এবং এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কয়েকজন সাংবাদিক। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসাইন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘তেলবাজরা সব সময়ই তেল নিয়ে প্রস্তুত থাকে, অপমান সহ্য করার মতো নয়। প্রয়োজন একবদ্ধতা। ডিসি অফিসের আজকের ঘটনাটা বুকে লেগেছে।’
অন্যদিকে চ্যানেল ২৪-এর ভোলা জেলা প্রতিনিধি এইচ এম জাকির হোসেন তার এক তাঁর পোস্টে প্রশ্ন তুলে লেখেন, একজন গণমাধ্যম কর্মী হিসেবে এ ধরনের আচরণ আমরা কখনই কামনা করি না।
ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত সাংবাদিকদেরকে সভায় না থাকার অনুরোধ জানিয়ে সভা কক্ষ থেকে বেরিয়ে যেতে বললেন জেলা প্রশাসক।কেনইবা সাংবাদিকদের আমন্ত্রণ জানালেন কেনইবা উপস্থিত সকলের সামনে তাদেরকে বের করে দিলেন…..???
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব পোস্টে সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করা হলেও জেলা প্রশাসকের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. শামীম রহমানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একজন মাননীয় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে আবার তাঁদের বের করে দেওয়ার বিষয়টি অসম্মানের। তবে বিষয়টি আমার কাছে ভুল বোঝাবুঝি বলেই মনে হচ্ছে। আমি এ বিষয়ে ভোলা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর বিষয়টি আরও ভেবেচিন্তে করা হবে।’
বিভাগীয় কমিশনারের এই বক্তব্যে ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে সভা আয়োজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার কথাও উঠে এসেছে।
প্রসঙ্গত, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর আজ১৬ সেপ্টেম্বর ভোলায় এক দিনের সরকারি সফরে যান। তাঁর সফরসূচিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসনসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের কর্মসূচি ছিল।