শিরোনাম
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহমেদপুর গ্রামের ৪নং ওয়ার্ডে গভীর রাতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন শহীদ মাঝি (৪৫)। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ২৪ মে ২০২৬ ইং রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে মোঃ আলতাফের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও মাদক কারবারের সাথে জড়িত মোঃ সিরাজ (৪০)-এর নেতৃত্বে ১০-১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন— আশিক (২৭), আব্বাস (৪০), তার স্ত্রী লাইজু (৩৭), পারভিন (৩৮), জান্নাত (২৯), খালেক (৫০) এবং সিরাজের মা আয়শা (৫৯)।
হামলার সময় সন্ত্রাসীরা মোঃ শহীদ মাঝি ও তার পরিবারের সদস্যদের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এসময় ধারালো অস্ত্র দিয়ে শহীদ মাঝির মাথায় গুরুতর আঘাত করা হয়। তার অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতাল থেকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তরের জন্য পাঠানো হয়।
পরিবারের দাবি, মোঃ আলতাফ দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ওই বসতভিটায় বসবাস করে আসছেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সিরাজ ও তার সহযোগীরা ভয়ভীতি, হামলা-মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
বর্তমানে শহীদ মাঝির পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। পুনরায় হামলার আশঙ্কায় পরিবারের সদস্যরা বাড়িছাড়া অবস্থায় রয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত সিরাজ এলাকায় জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার সাথে জড়িত থেকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আসছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।