শিরোনাম
ভোলা প্রতিনিধি ভোলার ইলিশা লঞ্চঘাটে সিএনজি ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও ত্রাণের অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লঞ্চঘাটে যাতায়াতের জন্য নির্ধারিত ভাড়া ৫০ টাকা হলেও কয়েকজন সিএনজি চালক অতিরিক্ত ৮০০ টাকা দাবি করেন। এ নিয়ে জুলাইযোদ্ধা ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক রাকিবের সঙ্গে চালকদের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিএনজি চালকদের একটি সংঘবদ্ধ দল রাকিবের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় তার কাছে থাকা ত্রাণের জন্য সংগৃহীত নগদ ২ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করা হয়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লঞ্চঘাট এলাকায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, ঘাট এলাকায় ভাড়া নৈরাজ্য ও যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি জোরদার করা জরুরি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।