শিরোনাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি,পটুয়াখালীর বাউফলে গ্রামবাসীর চিৎকারে মোটরসাইকেল ফেলে পালিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিক ফয়সাল সহ একাধিক ব্যক্তিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ না থাকায় অন্ধকার সুযোগে ভরিপাশা জামে মসজিদের ইমাম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাইয়ের বাড়িতে রাত পোনে ১২টার দিকে হানা দেয় ডাকাত দল। এ সময় বাড়ির একজন বিষয়টি বুঝতে পেরে মোবাইল ফোনে আশপাশে খবর ছড়িয়ে দেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে ডাক-চিৎকার শুরু করলে তিনটি মোটরসাইকেলে থাকা ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। এ সময় একটি ব্লু রঙের, নম্বরপ্লেটবিহীন প্লাটিনা ব্র্যান্ডের মোটরসাইকেল ফেলে যায় ডাকাত সদস্যরা।
ঘটনার সময় বাড়ির তিনটি বসতঘরে লোকজন থাকলেও মাওলানা আব্দুল হাই (৭৫) নিজ কক্ষে একা ছিলেন। সৌভাগ্যক্রমে ডাকাত দল কোনো কিছু লুট করতে পারেনি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”