শিরোনাম
স্টাফ রিপোর্টার ::- পবিত্র রমজান উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার উদ্যোগে বাবুগঞ্জ উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) ২টায় বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বাবুগঞ্জ; মোঃ শেখ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, বাবুগঞ্জ মডেল থানা; এবং জনাব মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। এই ইফতার বিতরণ কর্মসূচি সমাজের অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।”
বিশেষ অতিথিরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, এই ধরনের উদ্যোগ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আশার আলো হয়ে ওঠে। তারা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।