শিরোনাম
নিজস্ব প্রতিবেদক ::: ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বুধবার থেকে লঞ্চেও দেওয়া হবে অগ্রিম টিকিট। এ সময় যাত্রী পারাপারে সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চও চলবে। রাজধানী ঢাকায় রোববার (১৭ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার।
ঘরমুখো মানুষের ঈদযাত্রা নৌযানের নিরাপত্তা ও দুর্ঘটনামুক্ত চলাচল নিশ্চিত করা এবং যাত্রীদের জানমালের নিরাপত্তায় যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষে অনুষ্ঠিত হয় সভাটি।
তিনি বলেন, ‘বুধবার থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের পাঁচ দিন আগে ও ৫ দিন পরে টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনো মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না।’
তবে ডেকের যাত্রীদের টিকিট ভ্রমণের দিন বিক্রি করা হবে বলে জানিয়েছেন মোবারক।
তিনি বলেন, ‘এই সময়ে নদীতে বালুবাহী কোনো বাল্কহেড চলতে পারবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’
যাত্রীবাহী নৌরুটে বুধবার থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত বিশেষ ব্যবস্থাটি রাখা হবে বলেও জানান মোবারক।
এবার ঈদে লঞ্চে যাতায়াতকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখানো ও সংরক্ষণ করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেবিনে যাতায়াতকারীদের এনআইডি সংরক্ষণ করতে লঞ্চ মালিক-শ্রমিকদের নির্দেশনা দেয়া হয়।
শুক্রবার থেকে শুরু হয়েছে বাসে অগ্রিম টিকিট বিক্রি। আর রেলে অগ্রিম টিকিট বিক্রি হবে ২৩ এপ্রিল থেকে।