শিরোনাম
বরিশাল সংবাদ২৪ ডেস্ক :: ভিন্নমত দমনে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। রোববার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় এ কথা বলেন জি এম কাদের।
এসময় আইনটি সংশোধনের দাবি জানান তিনি। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা। কিছু কিছু ধারায় বর্ণিত অপরাধ অজামিনযোগ্য, যা মানবাধিকারের পরিপন্থী। ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো মানুষের মুক্ত চিন্তার অধিকার এবং বাক ও ব্যক্তি স্বাধীনতার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং ভিন্নমত দমনে অপব্যবহার হচ্ছে আমরা সেই ধারাগুলো পরিবর্তন করে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই ধারাগুলো সংশোধন করার জোর দাবী জানাচ্ছি। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন জরুরি হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে। এ আইনটি গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টি ডিজিটাল নিরাপত্তা আইনের বিপক্ষে নয়। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা নিবর্তনমূলক, যা ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করছে।
তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করেছে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের অধিকার অনেকাংশেই রোধ করেছে।
জাপার প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভায় দলটির চেয়ারম্যান আরো বলেন, দেশে আইনের শাসনে ঘাটতি রয়েছে। দলীয় করণের মাধ্যমে দেশে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এ কারণেই সুশাসন নিশ্চিত হচ্ছে না।