শিরোনাম
ষড়যন্ত্রের নীলনকশা রচনা করাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমির আয়জনে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের মানে ৭ নভেম্বর ঘৃণ্য হত্যাকাণ্ড। ফখরুল বলছেন বাংলাদেশে রাজনৈতিক সরকার দ্বারা দেশ পরিচালিত হচ্ছে না। বিএনপির মহাসচিব কী বলতে চান? যখন তারা ক্ষমতায় থাকেন, তখন গণতন্ত্র কোথায় থাকে? বিএনপির ১৯৯১ থেকে ১৯৯৬ সাল ও ২০২১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমরা দেখেছি তাদের কুকীর্তি। তারা এ দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। দেশে জঙ্গিবাদের রাজত্ব কায়েম করেছিল। অপারেশন ক্লিনহার্টের নামে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছিল। তারা গণতন্ত্র বলতে কী বোঝাতে চায়। আমরা মনে করি, বাংলাদেশে ৭ নভেম্বর হচ্ছে একটি কাল দিবস। এটি একটি হত্যা দিবস। প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র মুক্তির জন্য বিএনপির কোনো অবদান নেই। এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে যেসব নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন তারা সবাই আওয়ামী লীগের।
মুরাদ হাসান বলেন, নূর হোসেন শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। এরশাদ সরকারের শাসনামলে গণতন্ত্রের মুক্তির লক্ষ্যে নূর হোসেন তার শরীরে বুকে এবং পিঠে লিখেছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। গণতন্ত্রের মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করেছেন নূর হোসেন। এরকম সাহসী একজন মানুষ আজ খুঁজে পাওয়া দুষ্কর। তিনি তার জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র উৎকণ্ঠাবোধ করেননি।