শিরোনাম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব মেনে আগামীকাল রোববার পবিত্র আশুরার অনুষ্ঠান ইনডোরে পালন করা যাবে। এ উপলক্ষে তাজিয়া মিছিল ও সমাবেশসহ কোন অনুষ্ঠান উন্মুক্তস্থানে পালন করা যাবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, আশুরা উপলক্ষে ডিএমপি’র পক্ষ থেকে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আশুরা কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমন ও বিস্তার রুখতে আগামীকাল রোববার পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কমিশনারের আহ্বানে সাড়া দিয়ে উন্মুক্তস্থানে আশুরার অনুষ্ঠান না করারা জন্য সকলে একমত পোষন করেছেন।
ডিএমপি কমিশনার সম্প্রতি ডিএমপি হেডকোয়ার্টার্সে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় একথা বলেন।
আশুরার অনুষ্ঠান আয়োজকদের প্রতি আহবান জানিয়ে কমিশনার বলেন, করোনাভাইরাসের বিস্তার রুখতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। অনুষ্ঠান স্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিবেন না। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ইমামবাড়াগুলোতে সবাইকে একসাথে না ঢুকিয়ে খন্ড খন্ড দলে বিভক্ত করে নির্দিষ্ট সময়ের জন্য সেখানে অবস্থান করতে পরামর্শ দেন ডিএমপি কমিশনার।