শিরোনাম
ঢাকা মহানগর বিএনপিকে উত্তর-দক্ষিণে ভাগ করার পরও সফল হতে পারেনি দলটি। বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে দায়িত্বপ্রাপ্ত নেতারা।
তৃণমূলের অভিযোগ, দল গোছানো, কর্মীদের মনোবল চাঙ্গা করা এবং পুনরায় আন্দোলনের জন্য মাঠে নামার কৌশল ঠিক করার ক্ষেত্রে মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা কোনো ভূমিকা রাখতে পারছেন না। তারা পুরোপুরি ব্যর্থ।
তারা বলেন, যে প্রত্যাশার জায়গা থেকে মির্জা আব্বাসকে সরিয়ে যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থাকার পরও ঢাকা দক্ষিণের দায়িত্ব দেয়া হয়েছিল হাবিব-উন-নবী খান সোহেলকে কিন্তু তিনি সেই প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেননি।
যে আশায় ঢাকা মহানগর বিএনপিকে উত্তর-দক্ষিণে ভাগ করা হয়েছিল তাও পূরণ হয়নি। বিগত কর্মসূচিতে তাদের কার্যক্রমে দলের মধ্যে আরো হতাশা দেখা দিয়েছে। বিগত সরকার বিরোধী আন্দোলনসহ বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে নিষ্ক্রিয় রয়েছে ঢাকা মহানগর বিএনপি।
আন্দোলন-সংগ্রামে মহানগর নেতারা পর্যায়ক্রমে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। নেতাদের কোনো নির্দেশনা না পেয়ে মাঠের কর্মীরা হতাশ হয়ে পড়ছেন। দিন দিন মাঠের রাজনীতি থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। অপরদিকে, খালেদা জিয়া গ্রেফতারের আগে থেকেই ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল আত্মগোপনে রয়েছেন।
তার আত্মগোপন নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে অনেক সমালোচনা রয়েছে। অনেকের মতে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতারের ভয়ে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলন এবং কার্যালয়ের সামনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আর মহানগর কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল আত্মগোপনে রয়েছেন। এতে নেতাকর্মীরা দলটির প্রতি দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছেন।
বিএনপির তৃণমূল থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন ঢাকা মহানগর বর্তমান কমিটি দিয়ে আর চলছে না। সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্ব পালনে কমিটির নেতারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সর্বস্তরে মহানগর বিএনপির কার্যক্রম নিয়ে আলোচনা উঠেছে। ফলে মহানগর বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটির প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, মহানগর কমিটির সাংগঠনিক দুর্বলতার কারণেই সিটি নির্বাচনের ফলাফল খারাপ হয়েছে। মহানগর কমিটি পুনর্গঠনের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা চলছে। তবে প্রাথমিকভাবে সাংগঠনিক কোথায় কি দুর্বলতা আছে, সেগুলো আলোচনা-পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, সর্বশেষ সিটি নির্বাচনে মহানগর বিএনপি নেতাদের যে দায়িত্ব দেয়া হয়েছিল, তা তারা সঠিকভাবে পালন করেননি। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের গা-ছাড়া ভাব ছিল। তারা ন্যূনতম দায়িত্ব পালন করলে জয়লাভ করতে না পারলেও অন্তত জনসম্মুখে বিএনপির অবস্থানটা শক্তিশালী হতো।
বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ঢাকায় মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় ঢাকা মহানগর বিএনপির দায়িত্বে ছিলেন সাদেক হোসেন খোকা ও আবদুস সালাম। তাদের ব্যর্থতার কারণে পরের বছর ১৮ জুলাই মির্জা আব্বাস ও হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের পর ২০১৫ সালের ৫ জানুয়ারি ৩ মাসের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন খালেদা জিয়া। এ কর্মসূচি সফল করার ক্ষেত্রে আহ্বায়ক কমিটি ভূমিকা পালন করতে পারেনি।
এরপর ২০১৭ সালের ১৮ জুলাই আন্দোলনের গতি সঞ্চালন করতে ঢাকা মহানগর বিএনপিকে দুটি ভাগে ভাগ করা হয়। হাবিব-উন-নবী খান সোহেল ও কাজী আবুল বাশারকে যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আব্দুল কাইয়ুম ও আহসানুল্লাহকে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক করে কমিটি দেয়া হলেও এখন পর্যন্ত কার্যত কোনো ভূমিকা রাখতে পারেননি তারা।