শিরোনাম
নিজস্ব সংবাদ প্রতিনিধিঃ বরিশাল বিমানবন্দর থানা এলাকায় চাঞ্চল্যকর আইনজীবী সহকারী (মুহুরী) মোঃ নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যা মামলার একমাত্র প্রধান আসামি ও নিহতের স্ত্রী মোসাঃ নাসিমা বেগমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২১ সেপ্টেম্বর বিমানবন্দর থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিহতের ভাই মো. কামরুজ্জামান ছায়েম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১২, ধারা: ৩০২ পেনাল কোড-১৮৬০।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়,গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত থেকে ১৫ সেপ্টেম্বর ভোরের মধ্যবর্তী যে কোনো সময় বিমানবন্দর থানাধীন বিসিসি ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠির বাঘিয়া কলোনির আহসান হাবিবের ভাড়াবাড়ির ৩য় তলার উত্তর পাশের ফ্ল্যাটের পশ্চিম শয়নকক্ষে এই হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগম মুহুরি নুরুজ্জামানকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। এই চাঞ্চল্যকর মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) মো. বিল্লাল হোসেনের ওপর।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।