শিরোনাম
জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। মরদেহটির পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম লেখা এবং সংগঠনের লোগো রয়েছে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ও মনির জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে পানিতে মরদেহটি ভাসতে দেখেন। পরে তারা কুয়াকাটা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি সমুদ্রে নিখোঁজ কোনো ব্যক্তি বা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলের হতে পারে। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গঙ্গামতি এলাকা থেকে আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
৭ জুলাই ২০২৬