শিরোনাম
জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:::
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মোকছেদুল আলম (৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানা থেকে প্রায় ৫ হাজার পিস ফ্রুট জেলি, রোবো আইসক্রিম এবং এসব শিশু খাদ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল জব্দ করা হয়। পরে জব্দকৃত পণ্য ধ্বংস করা হয় বলে জানা গেছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে রাতের আধারে এসব শিশু খাদ্য তৈরি করে উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় সরবরাহ করা হতো। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় কারখানাটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কলাপাড়ায় এ ধরনের অবৈধ খাদ্য কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ বলেন, শিশু খাদ্যের নামে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে পরিচালিত কারখানাটিতে প্রশাসনের অভিযান পরিচালনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
২৪/০৫/২০২৬
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০