শিরোনাম
বরিশাল সংবাদ ডেস্ক :: আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। দিনটি উদযাপনে কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। ওইদিন তাঁরা দুটি ইউনিট এক ব্যানারে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের। সে অনুযায়ী প্রস্তুচি চলছে জেলা ও মহানগর আওয়ামী লীগে। তবে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারের বাইরেও হবে পাল্টা কর্মসূচি। আর এটা করবেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম অনুসারীরা। এজন্য প্রস্তুতিমূলক সভাও করেছেন তাঁরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর নবগ্রাম রোড পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে প্রস্তুতিমূলক এই আলোচনা সভা করেন প্রতিমন্ত্রী অনুসারী জেলা ও মহানগর আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপ। সভায় তাঁরা ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে পাল্টা কর্মসূচি গ্রহণ করেছেন।
বরিশাল মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মীর আমিন উদ্দিন মোহন এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সৈয়দ মো. মনির। মহানগর যুবলীগের সদস্য মিল্টন এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির বিস্বাস, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিচ শরীফ, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, সদর উপজেলা ভাইস চেয়াম্যান এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা সুলতান মাহমুদ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন- ১২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ শহিদুল্লাহ খান, মহানগর যুবলীগের সদস্য মারুফ আহম্মেদ জিয়া, ১১ নম্বর ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি শহিদ, মহানগর যুবলীগ সদস্য মানিক, ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মান্নান, ২১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, মহানগর যুবলীগের নেতা আতিক, বি.এম কলেজ সাবেক ছাত্র কর্মপরিষদের সাহিত্য বিষয়ক সম্পাদক নুর আল আহাদ সাইদী, মহানগর ছাত্রলীগ নেতা মাহাদ প্রমুখ।
এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর হোসাইন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
ওই সভা পরবর্তী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৮ সেপ্টেম্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করবেন। তারা আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি এবং সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের।
কিন্তু জেলা ও মহানগর আওয়ামী লীগের ওই সভার পূর্ব থেকেই আওয়ামী লীগের অপর অংশ পাল্টা কর্মসূচি পালন করবেন বলে গুঞ্জন ওঠে। যে গুঞ্জনের বাস্তব প্রমাণ মিলেছে বুধবার জেলা ও মহানগর আওয়ামী লীগের অপর অংশের প্রস্তুতি মূলক সভার মাধ্যমে। দলীয় সূত্র জানিয়েছে, ‘ইউএনও’র সরকারি বাসভবনে হামলা-মামলার ঘটনায় কোনঠাসা হয়ে পড়েছে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ অনুসারী বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। দলীয় কর্মসূচিতে তারা অনেকটা মাঠছাড়া বললেই চলে। এমন পরিস্থিতি কাটিয়ে উঠার পাশাপাশি নিজের মাঠে থাকার জানন দিতে প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে ২৮ সেপ্টেম্বর বৃহৎ শোডাউনের প্রস্তুতি চলছে সাদিক অনুসারীদের। ঠিক একইভাবে ২৮ সেপ্টেম্বর কর্মসূচির মাধ্যমে নিজেদের অস্তিত্বের জানান দিতে পাল্টা শোডাউন এবং কর্মসূচির আয়োজন করেছে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেউ কেউ বলছে, ওইদিন কর্মসূচি পালনে দলীয় কার্যালয় মুখিও হতে পারে প্রতিমন্ত্রী অনুসারীরা। এমনটি ঘটলে বরিশালে আওয়ামী লীগের রাজনীতিতে ফের উত্তাপ ছড়াবে বলে মনে করছেন বিশেষ মহল।