শিরোনাম
অনলাইন ডেস্ক :: আবারো ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। আজ (রোববার ৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।
গতকাল (শনিবার ২৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টায় পর পর ৫ বার ভূমিকম্প হয় সিলেটে। এর ফলে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দেয়।
বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, ৪ দফা ভূকম্পনের রেকর্ড তারা পেয়েছে। মাত্রা কম থাকায় ২/১টি পর্যবেক্ষণে আসেনি। তবে এসব ভূকম্পনের মধ্যে একটির মাত্রা ছিল রিখটার স্কেলে সর্বোচ্চ ৪.১।
ঢাকায় কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সাধারণত ৩টি সেন্টারে ভূকম্পনের ওয়েভ ধরা পড়ার পরই ভূমিকম্প হিসাবে ধরে নেয়া হয়। কিন্তু গতকাল (শনিবার ২৯ মে) সিলেটে যে ভূকম্পন হয়েছে তার সবগুলোই সিলেট সেন্টারে ধরা পড়েছে, অন্য কোথাও পড়েনি।
তিনি বলেন, ভূমিকম্পগুলো ছোট হলেও সিলেটের উপরে ভারতের মেঘালয়ে ডাউকি ফল্ট, সিলেটের পাশের ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট বাউন্ডারি। এসব কারণে বড় ঝুঁকিতে সিলেট। তবে এমন ছোট ছোট কম্পন ২টি কারণে হতে পারে, একটি ভূকম্পন পরবর্তী ইফেক্ট অথবা পূর্ববর্তী ইফেক্ট হতে পারে। তাই সচেতন থাকতে হবে আগামী ৭২ ঘণ্টা।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম বলেন, এত কম সময়ের মধ্যে কয়েক দফা ভূকম্পন সহজভাবে নেয়ার কিছু নেই। তাই পরবর্তী ৭২ ঘণ্টা নগরবাসীকে সচেতন থাকাতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে নেপালে ও মিয়ানমারে বড় ভূমিকম্প হয়েছে। এসব ভূমিকম্পের পরবর্তী ইফেক্ট হতে পারে। তবে ভূমিকম্প নিয়ে আগাম কিছু বলা সম্ভব না। তাই এমন ছোট ভূমিকম্প আগামী কয়েকদিনের মধ্যে বড় ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে।