শিরোনাম
অনলাইন ডেস্ক :: সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বড় ভাই আহমেদ উস সামাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
এর আগে গত রোববার শারীরিক অসুস্থতা নিয়ে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরদিন সোমবার তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
মাহমুদ উস সামাদ চৌধুরীর জন্ম ১৯৫৫ সালের ৩ জানুয়ারি। বাংলাদেশের অন্যতম এই রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন তিনি।
এছাড়া তিনি শেখ রাসেল শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।