শিরোনাম
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও এইচএসসি পরীক্ষার্থী লামিয়া (১৮)-এর ঢাকায় মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক তরুণের সঙ্গে লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই সম্পর্ককে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমালিন্য ও মানসিক চাপ তৈরি হয়। ঘটনার দিন প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার পর লামিয়া মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি। পরে ঢাকায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, প্রেমিক প্রতারণা ও মানসিকভাবে হয়রানি করায় লামিয়া চরমভাবে ভেঙে পড়েছিলেন। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
লামিয়ার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে। তিনি এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় তার এমন মৃত্যুতে সহপাঠীদের মধ্যেও শোকের ছায়া বিরাজ করছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত তরুণের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।