প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মতো সুন্দর মানুষের এমন বীভৎস মৃত্যু সহ্য করা কঠিন। সোমবার (২৪ আগস্ট) সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক মানুষ এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সেই বিভীষিকাময় হামলার।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বসে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক। করোনা পরিস্থিতির কারণে গণভবন ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে একযোগে চলে এই বৈঠক। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেন সরকার প্রধান শেখ হাসিনা।
মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সচিবালয় থেকে। বৈঠকের শুরুতেই ২১ আগষ্টের বোমা হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।