করোনাকালে শিশুদের প্রণোদনা হিসেবে খেলনা ও ভার্চুয়াল পদ্ধতিতে শিশু বিকাশ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের করণীয় ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ সভায় তিনি এ কথা বলেন। এ সময় করোনা মোকাবিলায় নারী-শিশুদের জন্য নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করার কথাও জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত ১ লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ থেকে নারীরা উপকৃত হচ্ছে। এক কোটি পরিবারকে খাদ্য সহায়তা ও শিশু খাদ্য বিতরণ করছে সরকার।
এদিকে করোনায় পারিবারিক সহিংসতা ও বাল্য বিয়ে বেড়েছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য বা পরিসংখ্যান নেই। নারী ও শিশুরা সারাবিশ্বে সহিংসতার স্বীকার হচ্ছে, বাংলাদেশও এর বাইরে নয়। নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
সভায় বর্তমান পরিস্থিতিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে আরো জোরালো পদক্ষেপ ও নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া অনলাইনে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, অনলাইন প্ল্যাটফর্মে বাজারজাতকরণ, শিশুদের প্রণোদনা হিসেবে খেলনা ও ভার্চুয়াল পদ্ধতিতে শিশু বিকাশ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে সচিব কাজী রওশন আক্তার, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক পারভীন আকতার, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব ফরিদা পারভিন, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতিলাল কুরী প্রমুখ বক্তব্য রাখেন।