বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার এমপি জনাব আবুল হোসেন খান সাহেবের আস্থাভাজন ও পছন্দের মানুষ হিসেবে পরিচিত ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন একটি মডেল ইউনিয়ন গড়ার।
সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মাদ্রাসা মাঠে এক বিশাল মতবিনিময় সভা করেছেন তিনি। সভায় হাজারেরও বেশি নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক হোসেন মৃধা বলেন, "এমপি আবুল হোসেন খান সাহেবের নেতৃত্বে বাকেরগঞ্জে উন্নয়ন এখন দৃশ্যমান। তার দিকনির্দেশনায় আমি পাদ্রীশিবপুরকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই। আপনারা আস্থা রাখুন, আপনাদের এই আস্থার মূল্যায়ন আমি করবো ইনশাআল্লাহ।"
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলায়মান খান উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক হারুন খান। সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লুৎফুল করিম সেন্টু খান।
এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন মৃধাকে পাশে পেয়ে এলাকাবাসী উন্নয়ন ও পরিবর্তনের বার্তা পেয়েছেন। তার মতো জনদরদি, পরোপকারী ও পরিকল্পিত উন্নয়নে বিশ্বাসী প্রার্থী এর আগে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ফারুক হোসেন মৃধা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় তিনি এমপি সাহেবের আস্থা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসাও অর্জন করেছেন।