মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে মোশাররফ সিকদার (৬০) নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে রান্নাঘর, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর মোড়াকাঠী গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত মোশাররফ সিকদার ওই এলাকার মৃত মৌজে আলী সিকদারের ছেলে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়।
ইউএনও মো. আলী সুজা বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এ সময় তিনি পরিবারটির দুর্দশা লাঘবে সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন সিকদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য জি এম আকাশ,উজিরপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আসাদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক সুজন প্রমুখ।