নিজস্ব প্রতিবেদক :: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে একটি ঝটিকা মিছিল বের করা হয়েছে। বরিশাল মহানগর যুবলীগ নেতা শেখ আরাফাত জামান বাবুর নেতৃত্বে ও তত্ত্বাবধানে আয়োজিত এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের মহাসড়কে সংগঠনটির নেতাকর্মীরা ব্যানার হাতে মিছিল করছেন। ভিডিওর ক্যাপশন ও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এবং মহানগর যুবলীগের নেতা শেখ আরাফাত জামান বাবুর তত্ত্বাবধানে এই মিছিলটি বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো যাচাই-বাছাই করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।