রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি//আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটও কারচুপি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েই জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, কারচুপি কিংবা প্রভাব বিস্তারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
রাজীব আহসান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে চেয়ারম্যান প্রার্থী হবেন, আর কে সদস্য (মেম্বার) প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীদেরই বাছাই করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্থানীয় নেতারা এ ক্ষেত্রে ব্যর্থ হলে ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিদের নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ তৈরি হয়। তাই তৃণমূলের মতামত ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে।
এর আগে বিকেল ৩টার দিকে মেহেন্দিগঞ্জে পৌঁছে তিনি উপজেলার দড়িচর খাজুরিয়া, সদর ও চানপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়ার শাহীন লিটন ও সদস্য সচিব দিনু মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্য সচিব পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্য সচিব আমজাদ পোদ্দার।
স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল ও সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন ও সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ ও সদস্য সচিব জুবায়ের, পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।