আরিফুর রহমান বাকেরগঞ্জ :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলাধীন ৫ নং দুর্গাপাশা ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং সিস্কা চোরদের উৎপাত দমনে কঠোর আইনি পদক্ষেপ ও বিশেষ অভিযান শুরু হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনসাধারণের মনের আতঙ্ক দূর করতে স্থানীয় পুলিশ প্রশাসন ও এলাকাবাসী ও বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সহ দপ্তর সম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন হাওলাদার সাবু যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সম্প্রতি এলাকার কিছু খালি ঘরে সিস্কা চোরদের অনুপ্রবেশ এবং মাদক চক্রের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সচেতন নাগরিকরা বিষয়টি বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জনাব আদিল সাহেবকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে বাকেরগঞ্জ থানার ওসির তাৎক্ষণিক নির্দেশনায় শর্শি তদন্ত কেন্দ্র এবং কাকরধা পুলিশ ফাঁড়ির ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন।
এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে কাকরধা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম, শর্শি তদন্ত কেন্দ্রের এস আই মিঠুন এবং এ এস আই শাহাআলম দুর্গাপাশা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় যুবকদের সাথে এক জরুরি মতবিনিময় সভায় করেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোর চক্রের বিরুদ্ধে পুলিশ এবং এলাকাবাসীর সমন্বয়ে কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে এলাকার নিরাপত্তা নিশ্চিতে যুবকদের নিয়ে রাত্রিকালীন বিশেষ পাহারার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্থানীয় মুরুব্বিরা জানান, "পুলিশ প্রশাসনের এই দ্রুত ও ইতিবাচক পদক্ষেপে আমরা আশ্বস্ত। সমাজ থেকে মাদক ও চুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই সামাজিক ও আইনি আন্দোলন অব্যাহত থাকবে।" প্রশাসন ও সাধারণ জনগণের এই যৌথ উদ্যোগকে এলাকার সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপাশা ইউনিয়নের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সাংবাদিক সহ সচেতন নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলো,
বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সহ দপ্তর সম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন হাওলাদার সাবু বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ দেশে কোন মাদক, চুরি ও চাঁদাবাজি চলবে না আমরা সবাই একত্রিত হয়ে দুর্গাপাশা ইউনিয়নকে একটি সুন্দর মাদক চুরি মুক্ত সুশৃঙ্খল মডেল ইউনিয়ন হিসাবে গরে তুলতে চাই।