উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করে স্থানীয়দের চলাচলের উপযোগী করে দিয়েছেন সমাজসেবক পলাশ কুন্ডু। দীর্ঘদিন সংস্কারের অভাবে দুর্ভোগে থাকা সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয়রা জানান, শোলক ইউনিয়নের বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে পানি ও কাদার কারণে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে। এ অবস্থায় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে পলাশ কুন্ডু ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারকাজ শুরু করেন।
ইট ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করায় এখন ওই পথে সহজেই চলাচল করতে পারছেন স্থানীয়রা।
শুধু সড়ক সংস্কার নয়, এলাকার খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডেও পলাশ কুন্ডুর সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীরাও।
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালেক বেপারী বলেন, ‘এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে পলাশ কুন্ডু নিজের অর্থে রাস্তা সংস্কার করেছেন। এটি প্রশংসনীয় উদ্যোগ।’
৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটির কারণে মানুষ কষ্ট পাচ্ছিল। সংস্কার হওয়ায় স্থানীয়দের চলাচলে সুবিধা হয়েছে।’
৫ নম্বর শোলক ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ বাবুল কবিরাজ বলেন, ‘সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও যদি মানুষ এলাকার সমস্যায় এগিয়ে আসে, তাহলে অনেক দুর্ভোগ দ্রুত কমানো সম্ভব।’
বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি রাজীব মজুমদার বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোই সামাজিক দায়িত্ব। পলাশ কুন্ডুর এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’
৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার বলেন, ‘রাস্তা সংস্কারের ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ আরও হওয়া দরকার।’
উজিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পলাশ কুন্ডু বলেন, ‘মানুষের প্রয়োজনে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রাস্তার কারণে মানুষ কষ্ট পাচ্ছিল। তাই নিজ উদ্যোগে যতটুকু সম্ভব সংস্কার করেছি। ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যেতে চাই।’
স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও শোলক ইউনিয়নের বেহাল সড়কগুলো স্থায়ীভাবে সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।