জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের আকাশ ঘন মেঘে ঢাকা পড়েছে এবং শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, পটুয়াখালী, কুমিল্লা, বরিশাল, কক্সবাজারসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরিস্থিতি বিবেচনায় সমুদ্র ও নদীপথে চলাচলকারী নৌযান এবং উপকূলবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
######
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
৩ জুলাই ২০২৬