নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বরিশালের উজিরপুর উপজেলার এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (স্থানীয় সময়) সকাল ৮টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ট্রাকের চাপায় নিহত হন তিনি।
নিহত কবির হোসেন মৃধা (৫৫) উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছেলে।
তার ভাগিনা রাসেদ জানান, কবির হোসেন প্রায় ১৫ বছর আগে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন।
নিহতের স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে তিনি জানান, শনিবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, জীবদ্দশায় কবির হোসেন ইচ্ছা প্রকাশ করেছিলেন—মৃত্যুর পর যেন তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। সেই ইচ্ছা পূরণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।