পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাগবিতণ্ডা। একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত তিনজন আহত হন।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)।
স্থানীয় সূত্র জানায়, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের আলম প্যাদা কনের চাচা রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। এসময় রোস্টের পরিবর্তে অন্য মাংস পরিবেশন করা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের স্থানীয়রা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’
কনের মামা বাবলু আকনের দাবি, রোস্ট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলম প্যাদার পক্ষ থেকে হামলা চালানো হলে সংঘর্ষের ঘটনা ঘটে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’