জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ।।পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী একটি লঞ্চে বিশেষ অভিযান চালিয়ে চিংড়ি, লইট্টা, পোয়া সহ বিভিন্ন প্রজাতির ২১ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বুধবার (১৪ মে) শেষ বিকেলে পায়রা বন্দরের সংলগ্ন আন্ধারমানিক নদীতে এমভি সোহেলী নামের লঞ্চটিতে অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। উদ্ধারকৃত মাছের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, বর্তমানে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সকল প্রকার মাছ ধরা বন্ধ রেখেছে। এই সময়কালকে মাছের প্রজনন মৌসুম বিবেচনায় রেখে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু কিছু অসাধু জেলে এই আইন অমান্য করে গোপনে মাছ আহরণ করছে।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি যাত্রীবাহী লঞ্চে বিপুল পরিমাণ মাছ পাচার করা হচ্ছে। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।”
পরবর্তীতে জব্দকৃত মাছগুলো বালিয়াতলী লঞ্চঘাট এলাকায় এনে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। মাছ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
অভিযান শেষে তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রজনন মৌসুমে সামুদ্রিক মাছের রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
###
জনি আলমগীর
মোবাই ১৪/০৫/২০২৫
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০