আমতলী বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের মানিকঝুড়ি নামক স্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ইসলামী এজেন্ট ব্যাংকের মালিক মো. সাইফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলাপাড়া চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে কলেজ বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার মালিক মো. সাইফুল ইসলাম শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের মানিকঝুড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় রহমান তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন ও সাইফুর রহমান অসিম বলেন, একটি দ্রুতগামী প্রাইভেটকার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তন্ময় রহমান বলেন, সাইফুল ইসলামকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, নিহত সাইফুল ইসলামের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।