অনলাইন ডেস্ক :: কুড়িগ্রামের উলিপুরে ক্ষতিগ্রস্থ মন্দিরগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।
মঙ্গলবার (১৯অক্টোবর) বেলা ১২টার দিকে গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মনপাড়া সার্বজনীন মন্দির, নেফরা শ্রী শ্রী দূর্গা মন্দির, ভুতের বাজার সার্বজনীন দূর্গা মন্দির এবং থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া সার্বজনীন দূর্গা মন্দির ও ফাসিদাহ বাজার সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্থ মন্দিরগুলো পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি উদয় শঙ্কর চক্রবতী, পূজা উদযাপন কমিটির উলিপুর শাখার সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উলিপুর শাখার সভাপতি পার্থ সারথি সরকার, সাধারণ সম্পাদক শ্যামল রায় সহ আরো অনেকেই।
মন্দিরগুলো পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার কোন মন্তব্য করতে রাজি হননি। তবে এ রকম ঘটনায় দুঃখজনক বলে সাংবাদিকদের জানান তিনি।
এ সময় ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের লোকজন উক্ত ঘটনার ন্যায় বিচার প্রত্যাশা করেন। তারা বলেন আগামী ২৩ অক্টোবর শনিবার উলিপুর শহীদ মিনার চত্বরে অনশন করবে।
উল্লেখ্য, কুমিল্লার একটি পূজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় গত বুধবার রাতে উলিপুরে প্রায় ৮টি মন্দিরে ভাঙ্গাচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।
এ ঘটনায় প্রায় ৭০০ জনকে আসামী করে ৫টি মামলা দায়ের করা হয়েছে। এতে ২৭ জনকে আটক করে পুলিশ।