নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি শনাক্ত হয়েছে। যেখানে রোববার আক্রান্ত সংখ্যা ছিল ২২১ জন, সেখানে সোমবার আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ৪৯২ জনে, যা বরিশাল জেলায় রেকর্ড।
সোমবার রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
তিনি বলেন, করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলছে। তবে সোমবার যে আক্রান্তের সংখ্যা আমাদের হাতে এসেছে, তা খুবই উদ্বেগজনক। রোববার যে আক্রান্ত সংখ্যা ছিল, তার থেকে দ্বিগুণ শনাক্ত হয়েছে সোমবার।
৪৯২ জন আক্রান্তের মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকায়ই রয়েছে ৩৩৮ জন।
এ ছাড়া বরিশাল সদর উপজেলায় চারজন, বাকেরগঞ্জে ১৫, মেহেন্দিগঞ্জে ১৪, হিজলায় ২৩, মুলাদিতে ২২, বাবুগঞ্জে ১৬, গৌরনদীতে ২৩, আগৈলঝাড়ায় ১৫, উজিরপুরে ২০ জন এবং বানারিপাড়ায় দুজন শনাক্ত হয়েছে।
এর মধ্যে হাসপাতালে ভর্তি ৯ জন, বাড়িতে আছে ৪৮১ জন এবং আজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দুজনসহ জেলায় মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৯ জন।
এই পর্যন্ত বরিশাল জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ১০৪ জন।
এ ছাড়া আজ বরিশালে ১৮ জন সরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ডা. মনোয়ার।