রাজশাহী প্রতিনিধি :: গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আটজন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বাকি ৪ জন উপসর্গ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন।
আজ (রোববার ৩০ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ।
তিনি জানান, মৃত ১২ জনের মধ্যে কোভিড-১৯ বিধ্বস্ত চাঁপাইনবাবগঞ্জ জেলারই ৭ জন আছেন। বাকি ২ জন রাজশাহীর, দুজন নওগাঁ জেলার ও ১ জন নাটোর জেলার বাসিন্দা।
বর্তমানে রাজশাহী মেডিকেলে আক্রান্ত ২০৭ কোভিড-১৯ রোগী চিকিৎসাধীন। তিনি বলেন, রাজশাহী অঞ্চলে দ্রুত কঠোর লকডাউন আরোপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো পথ নেই।