শাহরিন ইসলাম সজল, কুয়ালালামপুর থেকে :: ডক্টর ফয়জুল হক ফাউন্ডেশন এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুয়ালালামপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পোষ্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সোসাইটির ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট, ডক্টর ফয়জুল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, ড. ফয়জুল হকের উদ্যোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত আলোছায়া রেস্টুরেন্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, প্রফেসর একেএম ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গিয়েছে, কিন্তু আমরা গনতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, মানবাধিকার, বেঁচে থাকার অধিকার সঠিক ভাবে পাইনি। শিক্ষা ব্যবস্থাসহ সকল দিকে শুধুই হাহাকার, চিকিৎসা ব্যবস্থা জনকল্যান মুখি নয়। এ ধরনের পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আজ তিনি বর্তমান সরকারের নানা জুলুম ও নির্যাতনের স্বীকার। এছাড়াও কভিড ১৯ এ আক্রান্ত হয়ে ডাক্তারদের চিকিৎসা নিচ্ছেন ।
দেশকে ও দেশের মানুষকে বাঁচাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্ত জীবনের অত্যন্ত প্রয়োজন। তিনি বেগম জিয়ার রোগমুক্তি কামনা করেন ও আয়োজকদেরকে এমন দোয়ার মাহফিল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ডক্টর ফয়জুল হক এর সভাপতিত্বে ও ছাত্রদল ঝালকাঠী জেলার সহ সাংগঠনিক সম্পাদক, জনাব রিয়াজ মাহমুদের অনুষ্ঠান পরিচালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জাসাস মালয়েশিয়ার আহবায়ক আসাদুজ্জামান মাসুম, পিএইচডি গবেষক বুরহান উদ্দিন, ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদার, রাসেল রানা, গোলাম কবির ও ঝালকাঠী জেলার বিভিন্ন ব্যাবসায়ী নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে ড. ফয়জুল হক সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের গন মানুষের আস্থার একমাত্র ঠিকানা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান সময়ে দেশের এই কঠিনতম মুহুর্তে দেশনেত্রীর সুস্থতাসহ দীর্ঘ হায়াত কামনা করছি।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি অবদান রেখেছিলেন, তেমনি দেশ ও গনতন্ত্রের মুক্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে বিলিয়ে দিচ্ছেন। আজ তিনি অসুস্থ অবস্থায়ও রয়েছেন, তাই আসুন আমরা তার আশু রোগ মুক্তি কামনা করি ও তার দীর্ঘ হায়াতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। ফাউন্ডেশন এর সভাপতি ড. ফয়জুল হক, সাংবাদিক জনাব মোস্তফা আহমেদ রাজু, কায়সার হামিদ হান্নান, আব্দুল কাদের, মোহাম্মদ আলী, আশ্রাফুল মামুন ও রফিকুল ইসলাম সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।