অনলাইন ডেস্ক :: দেশে প্রথমবারের মতো অনলাইনে চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে, যা দেশের চা শিল্পের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ।
সোমবার চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চা নিলাম কেন্দ্রে পরীক্ষামূলকভাবে অনলাইন চা নিলাম কার্যক্রম শুরু হয়। অনলাইনে চলতি নিলাম বর্ষের সর্বশেষ নিলামের (৪২তম) আংশিক কার্যক্রম পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হয়।
পরীক্ষামূলকভাবে শুরু হওয়া অনলাইন নিলামে প্রথম দিনে প্রায় ১২ হাজার কেজি চা বিক্রি হয়েছে। নিলামে ন্যাশনাল ব্রোকারের মাধ্যমে মির্জাপুর বাগানের চা প্রথম বিক্রি হয়। ইস্পাহনী চা ৩১২ টাকা কেজিতে প্রথম লট ক্রয় করে। প্রায় ২৫ জন বিডার অনলাইন অকশনে অংশগ্রহণ করে।
অনলাইন নিলামের ধারাবাহিকতায় আগামী ‘চা নিলাম বর্ষের’ শুরু থেকেই পরীক্ষামূলক অনলাইন চা নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে। পরীক্ষামূলক কার্যক্রমের সফলতার ওপর ভিত্তি করে পরের চা নিলাম বর্ষেই নিলাম কার্যক্রম শতভাগ অনলাইনে নিয়ে আসা হবে।
এ বিষয়ে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, অনলাইন চা নিলাম দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রমকে আরও গতিশীল করবে। এতে করোনা পরিস্থিতিতে চা বিপণনে ও ব্যবসায় নতুন করে গতির সঞ্চার হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বছরে অনলাইন চা নিলামের পরীক্ষামূলক যাত্রা দেশের চা শিল্পের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশের যে কোনো প্রান্ত থেকে বিডাররা অনলাইনে ঘরে বসেই চা বিপণনে অংশ নিতে পারবেন। ফলে ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি কমবে, সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি চা বিপণনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও দৃঢ় হবে। এছাড়া করোনাসহ যে কোনো অনাকাঙ্খিত প্রতিকূল পরিস্থিতিতে চা বিপণন স্বাভাবিক থাকবে।
এদিকে চা বোর্ড উৎপাদনের তথ্য অনুযায়ী, গত বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সাত কোটি ৫৯ লাখ ৪০ হাজার কেজি। ২০২০ সালে দেশের ১৬৭টি চা-বাগান থেকে উৎপাদিত হয়েছে ৮ কোটি ৬৩ লাখ কেজি চা। এই উৎপাদন ২০১৯ সালের তুলনায় ১০ শতাংশ বা ৯৭ লাখ কেজি কম। তবে উৎপাদন কম হলেও চাহিদা কম থাকায় ঘাটতি হয়নি বাজারে। তাতে আমদানিও খুব বেশি করতে হয়নি।
চা বোর্ড বলছে, গতবারের তুলনায় উৎপাদন কমলেও লক্ষ্যমাত্রার হিসাবে উৎপাদন বেশি হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে সাত কোটি কেজি। লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদন এক কোটি কেজি বেশি।
লন্ডনভিত্তিক ‘ইন্টারন্যাশনাল টি কমিটি’ প্রকাশিত ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী, চা উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে নবম। তাদের হিসাবে বিশ্বের মোট চায়ের ২ শতাংশ উৎপাদিত হয় বাংলাদেশে। একটানা কয়েক বছর ধরেই দশম অবস্থানে ছিল বাংলাদেশ। গত শতাব্দীর শেষে চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান ছিল ১১তম, ১৯৮৯ সালে ছিল ১২তম। চা উৎপাদনে এখন শীর্ষে রয়েছে চীন। দ্বিতীয় অবস্থানে আছে ভারত।
দেশে উৎপাদিত চায়ের বড় অংশই আসে মৌলভীবাজার জেলার বাগান থেকে। মোট উৎপাদিত চায়ের ৫৫ শতাংশ উৎপাদন হয় এই জেলায়। এরপর আছে হবিগঞ্জ জেলা, যেখানে উৎপাদিত হয় ২২ শতাংশ। এ ছাড়া উত্তরবঙ্গে ১০ শতাংশ, সিলেট জেলায় ৭ শতাংশ ও চট্টগ্রামে ৬ শতাংশ উৎপাদন হয়।
চা-বাগানমালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহ আলম বলেন, চায়ের উৎপাদন কমার কারণ হলো প্রতিকূল আবহাওয়া। আবহাওয়া বা প্রকৃতির ওপর কারও হাত নেই। করোনার কারণে সেভাবে উৎপাদন ব্যাহত হয়নি।
দেশে চায়ের চাহিদা বাড়তে থাকায় দীর্ঘদিন ধরে রপ্তানি কমছিল। রপ্তানি কমতে কমতে ২০১৯ সালে ছয় লাখ কেজিতে নেমে আসে। ২০২০ সালে আবার বাড়তে শুরু করে রপ্তানি। দেশীয় রপ্তানিকারকেরা গত বছর ২১ লাখ ৭০ হাজার কেজি চা রপ্তানি করেছে। এ থেকে আয় হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। গত দুই দশকে চা রপ্তানি আয় সবচেয়ে বেশি ছিল ২০০৮ সালে, ৮৪ লাখ কেজি থেকে ৯৭ কোটি টাকা।
চা বোর্ড সূত্রে জানা যায়, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত (২০২০-২১ নিলাম বর্ষে) চট্টগ্রামে ৩৪টি নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে ১৮৮.০৮ টাকা কেজি দরে ৭ কোটি ২ লাখ ৯০ হাজার কেজি বিক্রি হয়েছে এবং শ্রীমঙ্গলে ১৫টি নিলাম অনুষ্ঠিত হয়েছে এতে ১৭১.৭৮ টাকা কেজি দরে ৭ লাখ ৯৫ হাজার কেজি চা বিক্রি হয়েছে।
২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত (২০১৯-২০ নিলাম বর্ষে) চট্টগ্রাম এবং শ্রীমঙ্গলে মোট ৪৪টি নিলাম অনুষ্ঠিত হয়, এতে ১৭৬.০৮ টাকা দরে ৯ কোটি ৪৩ লাখ কেজি চা বিক্রি হয়।
২০১৬ সালে বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (টিটিএবি) অনলাইন চা নিলামের সম্ভাব্যতা যাচাই শুরু করে। ২০২০ সালে করোনা মহামারীতে চা নিলাম কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার ফলে বাংলাদেশ চা বোর্ড 'অনলাইন চা নিলাম' দ্রুত শুরুর বিষয়ে টিটিএবিকে নির্দেশনা দেয়।
পরবর্তীতে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে টিটিএবি, ব্রোকার, ব্যবসায়ী এবং বিভিন্ন ভেন্ডরদের সাথে ধারাবাহিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এবং তিনি প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় সোমবার পরীক্ষামূলকভাবে অনলাইন চা নিলাম শুরু হলো।
নিলাম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে টিটিএবি চেয়ারম্যান শাহ মঈনুদ্দীন হাসান, চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, ব্রোকার প্রতিনিধি ও চা ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এদিকে ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি’র পর এবার বাংলাদেশে উৎপাদন করা হয়েছে ‘ইয়েলো টি’। একটি কুঁড়ি, একটি পাতা দিয়ে ইয়েলো টি উৎপাদন করা হয়েছে হবিগঞ্জের বৃন্দাবন চা-বাগানে। শুরুতে পরীক্ষামূলকভাবে ইয়েলো টি উৎপাদন করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে ইয়েলো টি উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১৫ মার্চ) বৃন্দাবন চা-বাগানে উদ্ভাবিত ইয়েলো টি চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে নিলামে তোলা হয়। প্রথমবারের মতো ৬ কেজি ইয়েলো টি নিলামে তোলে কর্তৃপক্ষ। প্রতি কেজি ইয়েলো টি বিক্রি হয়েছে ৮ হাজার ৩০০ টাকা কেজি দরে।