ঢাকার নবাবগঞ্জ ও বগুড়ার কাহালু এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত র্যাব-৪ এর দুই পৃথক দল অভিযানে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মো. ফরহাদ হোসেন ওরফে সাকিব আল হিজবুল্লাহ (১৮) ও আবুল হাসান লিটন (৪৫) ওরফে শাহাদাতের নেছা।
রোববার (১ নভেম্বর) বিকেলে র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
তাদের কাছ থেকে আনসার আল-ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ব্যাগ ও মোবাইলফোনে উগ্রবাদী ডিজিটাল কন্টেন্টস জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ফরহাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বগুড়া জেলার কাহালু থানাধীন একটি স্থানীয় কলেজের ছাত্র। ২ বছর ধরে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে কাহালু উপজেলায় কাজ করে আসছিল। মোবাইলে বিভিন্ন গোপন অ্যাপস ব্যবহার করে ‘আনসার আল ইসলাম’-এর উচ্চ পর্যায়ের সদস্যদের সঙ্গে কথোপকথন, ভার্চুয়াল মিটিংসহ নিয়মিত যোগাযোগ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতার আবুল হাসান জিজ্ঞাসাবাদে জানায়, তিনি পেশায় একজন ব্যবসায়ী। ৪ বছর ধরে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থেকে নিয়মিতভাবেই তার সহোচরদের সঙ্গে গোপন বৈঠক, চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলেন। তিনি ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি, ভিডিও, লিফলেট প্রচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।